ভারতে বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:২১
বাংলা ১৪২৫ সালের প্রথম দিনকে বরণ করে নেয়ার জন্য মুম্বায়স্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে পালিত হয় বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘ছত্রপতি শিবাজী বাস্তু সংগ্রহালয়’ মিউজিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ ও নতুন প্রজন্মের সুফি ঘরানার শিল্পী পারভেজ সাজ্জাদ। এছাড়া অংশ নেয় ভারতীয় খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলী’র একটি গ্রুপ। 
IMG0
উপ-হাইকমিশনার লুৎফর রহমান তার বক্তব্যে উপস্থিত ভারতীয় অতিথি ও কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বাংলার পহেলা বৈশাখের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন-বাংলার ঐতিহ্যে ঘেরা বর্ণিল সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরবার জন্যই বাংলাদেশ উপ-হাইকমিশনের এই প্রয়াস। 
IMG1
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও প্রবাসী বাংলাদেশীগণ সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে বরণ করে নেয় নতুন বৎসরকে। বাংলাদেশ থেকে আগত শিল্পীদ্বয় এবং নৃত্যাঞ্জলী গ্রুপের অংশগ্রহনে আয়োজিত অনুষ্ঠানটিকে সাজানো হয় বাংলার ঐতিহ্যবাহী লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালনগীতি ও সুফী ঘরানার গান দিয়ে। অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ, স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/সেতু