মাত্র একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেওয়া হাস্যকর :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০০:৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র একটি পরিবার ফিরিয়ে নেয়া হাস্যকর। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে আইডি কার্ড দেয়া হয়েছে। এদের মধ্যে মিয়ানমার একটি পরিবারকে নিয়ে গেছে, যা হাস্যকর। যাদের ফিরিয়ে নেয়া হয়েছে তারা বাংলাদেশে প্রবেশ করেননি। তারা নো ম্যান্স ল্যান্ডে রয়েছেন, যেটি মিয়ানমারের সীমা রেখার ভিতরে। এখানে (নো ম্যান্স ল্যান্ডে) মোট ৬ হাজারের বেশি রোহিঙ্গা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ভাঙচুর ও হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কোনো কিছুর দাবি করতেই পারে। যেই শিক্ষককে সবচেয়ে বেশি শ্রদ্ধা  করি সেই ভিসির বাসায় ভাঙচুর ও লুটপাট হবে, এ দৃশ্য আমরা বিশ্বাস করতে পারিনি। ওই ঘটনায় আইসিটি আইনে একটি মামলাসহ ৫টি মামলা করা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এসব মামলায় কাউকে আটক করা হয়েছে কি-না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো উত্তর দেননি।

এদিকে ব্যবসায়ীদের সঙ্গে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে প্রত্যাবাসন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় উপকরণ ও ‘আইডি কার্ড’ দেয়ার ছবি প্রকাশ করে মিয়ানমার।

ইত্তেফাক/নূহু