শচিন টেন্ডুলকারকে দেখেই তার ক্রিকেটে আসা। অভিষেক টেস্টে সামনে থেকে শচিনকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। মাস্টার ব্লাস্টারই তার আদর্শ, জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই সঙ্গে লক্ষ্ণণ, দ্রাবিড়ের নামও শোনা গেল হায়দরাবাদ অধিনায়কের মুখে।
এক অনুষ্ঠানে উইলিয়ামসন বলেন, ‘বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার আমার খুব পছন্দের। তাদের মধ্যে সবার প্রথমে শচিন টেন্ডুলকার। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় শচিনের। সেদিন আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম মাঠে কি করেন শচিন। সেই অভিজ্ঞতা বেশ ভাল। সেই থেকেই শচিন আমার আদর্শ। শচিন তো ক্রিকেটের কিংবদন্তি।’
৮ বছর আগে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কেন উইলিয়ামসনের। অভিষেক টেস্টেই শত রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসেই ১৩১ রান করেন কেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাট করার সুযোগই পাননি। শেষ পর্যন্ত টেস্টটি ড্র হয়েছিল। শুধু শচিন নন, কেনের পছন্দ লক্ষ্ণণ-দ্রাবিড়ও। এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘ওই দলে বেশ কয়েকজন মহান ক্রিকেটার ছিলেন। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণ, বীরেন্দ্র শেবাগরা দুর্দান্ত মানুষ। ক্রিকেট নিয়ে যে কোনও কথাই ওদের সঙ্গে বলা যায়।’
ইত্তেফাক/কেআই
