কেসিসি নির্বাচন: ২৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:৪৬
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ২৮জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।
 
এরমধ্যে সোমবার ১৩জন এবং রবিবার কাউন্সিলর পদের ১৫জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আয়কর সনদ, ঋণ খেলাফী, ‘ঘ’ ফরম জমা না দেয়া এবং স্বাক্ষরজনিত সমস্যার কারণে উল্লিখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানায়, সোমবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৯ নম্বর ওয়ার্ডে ফজলুল কবির টিটো, ১১ নম্বর ওয়ার্ডে মোস্তফা হাওলাদার ও ফারজানা লিপি, ১২ নম্বর ওয়ার্ডে আজমল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডে আবুল বাসার, ১৯ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব ফজলুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মোল্লা ফরিদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডে নূর ইসলাম শেখ ও মাসুদ পাটোয়ারি, ২৪ নম্বর ওয়ার্ডে এ এসএম মাইনুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন এবং ৩১ নম্বর ওয়ার্ডে আসলাম হোসেন ও আব্দুর রবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
এর আগে রবিবার বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সাধারণ ১নম্বর ওয়ার্ডে শাহাজান সিরাজ, আবুল কালাম, ২নম্বর ওয়ার্ডে রাজা খান, ৪নম্বর ওয়ার্ডে আবু আসালাত মোড়ল, ৫ নম্বর ওয়ার্ডে মো. মুকুল শেখ, এস এম হুমায়ুন কবির। এছাড়া সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে শামীমা পারভিন, ৭ নম্বর ওয়ার্ডে মনোয়ারা সুলতানা কাকলি, ৮ নম্বর ওয়ার্ডে রমা রানী চক্রবর্তী, ইসমত আরা বেগম, ৯ নম্বর ওয়ার্ডে রিনা রহমান, লিভানা পারভীন, শাহানুর বেগম, এবং ১০ নম্বর ওয়ার্ডে মোসাম্মাৎ হোসনে আরা ও বিলকিস আরা বুলি।
 
তবে, রবিবার মনোনয়নপত্র স্থগিত হওয়া ১০নং সংরক্ষিত ওয়ার্ডের রোকেয়া ফারুক, সাধারণ ১নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক এবং ১০নম্বর ওয়ার্ডে মো. জামালের প্রার্থীতা বহাল করা হয়েছে।
 
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে নির্বাচনী আপিল বোর্ডে আপিলের সুযোগ পাবেন। আপিল বোর্ডই সিদ্ধান্ত নেবে।
 
ইত্তেফাক/আরকেজি