পাকিস্তানি ক্লাবে খেলায় শাহজাদের জরিমানা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:৪৭
শাস্তি পেতেই হলো আফগানিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক সমস্যায় থাকা মোহাম্মদ শাহজাদকে। অনুমতি ছাড়া পাকিস্তানের একটি ক্লাবের পক্ষে খেলতে নেমে ধরা পড়ায় তাকে জরিমানা করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা আজ এ কথা জানিয়েছেন।
 
আফগানিস্তান সীমান্তের কাছাকাছি পাকিস্তানের শহর পেশোয়ারে একটি স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণের দায়ে শাহজাদকে তিন লাখ আফগানি (প্রায় ৪৪০০ ইউএস ডলার) জরিমানা করা হয়েছে এবং তাকে দেশে ফিরতে বলা হয়েছে। এসিবি’র গণমাধ্যম ও মার্কেটিং প্রধান লুতফুল্লাহ স্তানিকজাই বলেন, গত মাসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর জিম্বাবুয়ে থেকে আফগানিস্তান ফেরার পর পাকিস্তান যান ৩০ বছর বয়সী শাহজাদ। 
 
নিয়ম অনুযায়ী এসিবির অননুমোদিত কোন টুর্নামেন্ট খেলতে চাইলে খেলোয়াড়দের ‘অনাপত্তি প্রত্র’ দরকার। নিয়ম ভাঙ্গা শাহজাদ এই প্রথমবার নিয়ম ভাঙ্গেননি। বিশ্বকাপ বাছাই পর্বে আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে মারার কারণে জিম্বাবুয়েতে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার এক মাসের মধ্যেই এ কাণ্ড ঘটান তিনি।
 
স্তানিকজাই জানান, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ ও ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে অনুষ্ঠিতব্য অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ভারত যাবেন শাহজাদ। তিনি আরো বলেন, ‘এ ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তাকে ভবিষ্যতে ক্রিকেটে নিষিদ্ধ করা হতে পারে।’
 
ইত্তেফাক/কেআই