খুলনায় পাটকল শ্রমিকদের ঘেরাও কর্মসূচি পালন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:৪৫
বকেয়া বেতনভাতা ও মজুরি কমিশন প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৭ পাটকলের শ্রমিকরা দুই ঘন্টার ঘেরাও কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্ব-স্ব মিলের প্রধান কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
 
রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো হচ্ছে-ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, ইস্টার্ন জুট মিল ও আলিম জুট মিল। রেলপথ-রাজপথ অবরোধসহ ১১ দিনের কর্মসূচির চতুর্থ দিনে মঙ্গলবার ৭ পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও করে  শ্রমিকরা। এ সময় বক্তারা বকেয়া পাওনাসহ অবিলম্বে তাদের সকল দাবি মেনে নেয়ার আহবান জানান।
 
এ সময় বক্তৃতা করেন পরিষদের শ্রমিক নেতা সরদার মোতাহার উদ্দিন, আবু হানিফ, খলিলুর রহমান, আব্দুর রউফ, চৌধুরী মিজানুর রহমান মানিক প্রমুখ। 
 
ইত্তেফাক/কেআই