কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়েদের উত্ত্যক্ত করতে নিষেধ করায় গাজী ইকবাল হোসেন ইমন নামে এক ব্যবসায়ীকে গুলিতে আহত করেছে বেলাল হোসেন নামে এক যুবক।
মঙ্গলবার দুপুরে পুলিশ বেলালকে আটক করেছে। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা- যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করতো বখাটে বেলাল হোসেন (২৪)। উত্ত্যক্ত করতে নিষেধ করে কাকৈরখোলা গ্রামের গাজী দুলাল মিয়ার পুত্র ও চৌধুরী বাজারের ফল ব্যবসায়ী গাজী ইকবাল হোসেন ইমন। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার রাতে ইমন বাড়ি ফেরার পথে কাকৈরখোলা স্কুল এলাকায় ওঁৎপেতে থাকা বেলাল হোসেন তাকে গুলি করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বেলাল হোসেন পালিয়ে যায়। পরে আহত বেলালকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ বেলালকে আটক করেছে।
ইত্তেফাক/ইউবি
