সরকারী চাকুরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সংস্কারের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধারা। আজ সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবানে এ কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা মুাক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলকারীরা শহর ঘুরে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এসব কর্মসূচিতে জেলা ৬ উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে যোগ দেন।
স্মারকলিপি পেশ করার আগে জেলা প্রশাসকের অফিসের সামনে সমাবেশে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেন মুক্তিযোদ্ধারা। ৭৫ পরবর্তী সময়ে দেশে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে গড়ে উঠা এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করার অপচেষ্টায় লিপ্ত ছিল স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাতকারী যে কোন ধরনের অপতৎরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা স্বোচ্চার থাকবেন।
ইত্তেফাক/কেআই
