ভেড়ামারায় বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৫:৫৩
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুষ্টিয়া পাবনা মহাসড়কের বারোদাগ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 
 
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) জায়েদুর রহমান জানান, আজ সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বারোদাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নছিমনে থাকা মাছ ব্যবসায়ী রুবেল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 
 
ওসি আরও জানান, নিহত রুবেল দৌলতপুরের বাগোয়ান গ্রামের নাহারুলের পুত্র। তিনি মাছ আনার জন্য নাটোরে যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 
 
ইত্তেফাক/এমআই