এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৫:৫৫
গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে মঙ্গলবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
 
এই আয়োজনে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জেলা ও বিভাগ ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 
 
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। দিবসটির প্রেক্ষাপটের উপর বিশেষ তথ্য চিত্র পরিবেশন করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 
 
আলোচনাকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ও অবিস্মরণীয় নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের অভ্যূদয়ে ১৭ এপ্রিল ১৯৭১, মুজিবনগর দিবসের তাৎপর্যের কথা তুলে ধরেন। 
 
রাষ্টদূত মুজিবনগর সরকারের তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে সময়োপযোগী, সাহসী এবং প্রজ্ঞাবান নেতৃত্ব প্রদান করে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের বিভক্তি ভুলে ঐক্য বজায় রেখে কাজ করার কথা স্মরণ করিয়ে দেন। 
 
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জেলা ও বিভাগভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতারা।