তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৬:০১
তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত  হলো। দিবসটির তাৎপর্য তুলে ধরতে দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় আঙ্কারায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীগণ এবং দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন। 
 
আলোচনা সভার শুরুতেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রামাণ্য চিত্র ‘মুজিবনগর সরকার’ প্রদর্শিত হয়। 
 
আলোচনা পর্বে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্বগুণে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে ওঠে এবং ২৫ মার্চ কালো রাতে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন বৈদ্যনাথ তলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন করা হয়। বিশ্বব্যাপী বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত গঠন এবং যুদ্ধের রণকৌশল নির্ধারণে মুজিবনগর সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
এছাড়া আলোচনায় রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বাংলাদেশের স্বাধীনতার জন্য অতুলনীয় অবদানের কথাও গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর সেনানীদের কথা বিস্তৃতভাবে আলোচনা করেন।
 
ইত্তেফাক/কেআই