সিলেটে মা-ছেলে হত্যা মামলার তদন্ত শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:৫২
সিলেটে মা-ছেলে হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক এতে নেতৃত্ব দিচ্ছেন। বুধবার সকাল থেকে তদন্ত কাজ শুরু হয়।
 
তদন্তের প্রথম দিন পিবিআইয়ের বিশেষ দল নিহত বিউটিশিয়ান রোকেয়া বেগমের খাঁরপাড়াস্থ বাসায় গিয়ে হত্যাকাণ্ডের নানা আলামত জব্দ করে। এসময় বাসার ভেতর থেকে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের নানা সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তার বাসায় নিয়মিত মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসতো। এর আগে মঙ্গলবার পুলিশের কাছ থেকে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
 
পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মলি­ক জানান, হত্যাকাণ্ডের পর থেকে পিবিআই মামলার ছায়া তদন্ত করে আসছিল। রোকেয়ার বাসায় আশ্রিতা তানিয়া আক্তারকে কুমিল্লা থেকে ও তার স্বামী মামুনকে সিলেট নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশ। তানিয়া ও মামুন উভয়েই আদালতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া পুলিশ নাজমুল নামের এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কেউ জড়িত ছিল কি-না তাও খতিয়ে দেখা হবে। দ্রুততম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেয়ার চেষ্টা করবে পিবিআই।
 
গত ১ এপ্রিল খাঁরপাড়া মিতালি ১৫ নম্বর বাসার নিচতলা থেকে বিউটিশিয়ান রোকেয়া বেগম ও তার ছেলে রোকনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় বাসার ভেতর থেকে রোকেয়ার পাঁচ বছরের মেয়ে রাইসাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় রোকেয়ার ভাই জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি