নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নারী সদস্যসহ ৩জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জান্নাতুল নাঈম ওরফে মিতু (১৯) ও তার দুই সহযোগী মেহেদী হাসান ওরফে মাসুদ (২২) ও আকবর হোসেন সুমন (৩০)। এ সময় র্যাব সদস্যরা তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট এবং মিতুর ২ বছরের শিশু সন্তান রোজা আক্তারকেও উদ্ধার করে।
বুধবার দুপুরে র্যাব-১১ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের সিইও লে. কর্নেল কামরুল হাসান।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. নুরুল ইসলাম ও তার মেয়ের জামাই জুয়েল র্যাব-১১ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন জান্নাতুল নাঈম ওরফে মিতু জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং তিনি রাষ্ট্র বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত। তাই মিতু তার ২ বছরের শিশু সন্তান রোজাকে নিয়ে গত ৩১ মার্চ বাসা থেকে বের হয়ে গেছেন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব তাদের গোয়েন্দা নজরদারি বাড়ায়। বিভিন্নস্থানে অভিযানের পর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা নোয়াদ্দা কড়ইতলা এলাকার আমান উদ্দিন মিয়ার বাড়ি থেকে মিতু ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে মাসুদের বাড়ি চট্টগ্রামের রাউজানে এবং আকবর হোসেন সুমনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে মিতু স্বীকার করেন ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুক আইডি আল্লাহর সৈনিকের মাধ্যমে মাসুদের সাথে তার পরিচয় হয়। তিনি মিতুকে উগ্রবাদী হিসেবে গড়ে তোলে।
ইত্তেফাক/আরকেজি
