নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আ. হান্নানের আদালতে এ রায় ঘোষণা করেন।
গত ১১ এপ্রিল জেএমবি সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত শেষে ১৮ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য্য করেছিলেন আদালত। যুক্তি উপস্থানের সময় সাইফুল নিজেকে নির্দোষ দাবি করেন। সাইফুলের পক্ষে কোনো আইনজীবী ছিল না, তিনি নিজেই মামলা পরিচালনা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, একটি মামলায় মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সাইফুলের বিরুদ্ধে সাজা হয়েছে। এরমধ্যে সাক্ষী শেষে সোনারগাঁ থানার একটি বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত উপস্থাপন শেষে আদালত এ রায় দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে আটক করে।
সাইফুলের দেয়া তথ্য অনুসারে, তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশিয় তৈরি হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এঘটনায় র্যাবের ডিএডি আ. ছালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা রুজু করেছিলেন।
ইত্তেফাক/আরকেজি
