সাংবাদিক নির্যাতন: অভিযুক্ত এসআই ক্লোজড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:৫৭
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের ঘটনায় রাজপাড়া থানার এসআই মাহবুবকে ক্লোজ করা হয়েছে। বুধবার দুপুরের এ ঘটনায় ফুঁসে ওঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
 
তাৎক্ষণিক তারা রাজশাহী পুলিশ কমিশনারের কাছে গিয়ে মাহবুবকে বহিষ্কারের দাবি জানান। পুলিশ কমিশনার তখন মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। একই সাথে অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন। এদিকে বিকালে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা থেকে দোষী এসআই মাহবুবকে বহিষ্কারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সাংবাদিক সমাজ।
 
জানা গেছে, বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে সাংবাদিক সাইদুর রহমান সংবাদ সংগ্রহের জন্য নগরীর কাজীহাটার একটি বাসভবনে যান। সেখানে রাজপাড়া থানার এসআই মাহবুব বেশ কয়েকজন পুলিশ নিয়ে বাসভবনটি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এসআই মাহবুব সাংবাদিক সাইদুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং লাথি মারতে মারতে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যান। এসময় তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। এমনকি তাকে ক্রসফায়ার হত্যার হুমকি দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলি তাকে নির্যাতন রক্ষা করেন এবং থানা হাজত থেকে সাইদুর রহমানকে বের করে ওসির কক্ষে নিয়ে আসেন।
 
এ ঘটনার পরপরই রাজশাহী সাংবাদিকরা রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে এসআই মাহবুবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় মহানগর পুলিশ কমিশনারের দফতরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত। মহানগর আওয়ালী লীগের শীর্ষ এই দুই নেতাও এসআই মাহবুবের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ দেন। এসময় পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে দোষী এসআই মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। তদন্ত করে কঠোর  ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন তিনি।
 
এদিকে ঘটনার প্রতিবাদে বিকাল ৫টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাংবাদিক নেতারা এসআই মাহবুবের শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এছাড়া ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
 
ইত্তেফাক/আরকেজি