কুমিল্লার নাঙ্গলকোটের পেড়িয়া বাজারের আলী এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা দোকান কর্মচারী পলাশ (১৬) অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়নের শাকতলী গ্রামের সেলিমের ছেলে। পলাশকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত আনুমানিক আড়াইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধারণ করা হচ্ছে, দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এলাকাবাসী এবং লাকসাম থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় নগদ ১২লাখ টাকাসহ দোকানের মালামাল সার, সিনজেনটার বিভিন্ন কীটনাশক ওষুধ, পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার, চুলা, ধানের বীজ সম্পূর্ণ পুড়ে যায়।
দোকান মালিক মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে নগদ ১২ লাখ টাকাসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের মালামাল পুড়ে যাওয়ায় মোহাম্মদ আলীকে পথে বসতে হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে নগদ ছয় হাজার টাকা এবং দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
