দুধ দিচ্ছে এক মাসের বাছুর

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:০৮
উল্লাপাড়ায় এক মাসের গাভীর বাচ্চা দুধ দিচ্ছে।অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামে কৃষক পিয়ার মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটছে। গাভীর বাচ্চাটিকে দেখার জন্য প্রতিদিন কৌতুহলী অনেক মানুষ ভিড় জমাচ্ছেন পিয়ার মণ্ডলের বাড়িতে। 
 
পিয়ার মণ্ডল জানান, গত মার্চ মাসের ১৬ তারিখে তার বাড়ির একটি অস্ট্রেলিয়া জাতের গাভী মেয়ে বাছুর প্রসব করে। বাছুরটির আকৃতি বেশ বড়। প্রসবের পর বাছুরের স্তন বেশ বড় ছিল। প্রথম দিকে এর স্তনে টিউমার আছে বলে ভেবেছিলেন পরিবারের লোকজন। বাছুরটির জন্মের ৩ দিন পর থেকে তার স্তন দিয়ে দুধ বের হতে থাকে। হাত দিয়ে বাট টানলে অনেকটা দুধ বের হয়। এরপর প্রতিদিন এটি প্রায় আধা লিটার করে দুধ দিয়ে আসছে। খবর পেয়ে প্রতিদিনই পার্শ্ববর্তী এলাকার লোকজন ও গণমাধ্যমকর্মীরা এটিকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছেন। বাছুরটির দুধ স্বাদে পুর্ণ গরুর দুধের মতোই বলে উল্লে­খ করেন পিয়ার মণ্ডল। 
 
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিন দিনের কোনো গরুর বাছুর দুধ দেওয়ার ঘটনা তার কাছে এটাই প্রথম। হরমনজনিত কারণে বাছুরটি দুধ দিচ্ছে বলে তার ধারণা। তবে জোর করে বাছুরের বাট থেকে দুধ টানা ঠিক হবে না বলে উল্লে­খ করেন মাহফুজুর রহমান। কিছুদিনের মধ্যেই বাছুরটি দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে। 
 
ইত্তেফাক/কেকে