রাম-সীতাকে নিয়ে ধর্ষণ বিরোধী কার্টুন আঁকায় হুমকিতে ভারতীয় শিল্পী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:২৮
ভারতে হিন্দু দেবতা রাম ও তাঁর স্ত্রী সীতাকে নিয়ে একটি ধর্ষণ বিরোধী কার্টুন আঁকায় বেশ বিপাকে পড়েছেন দেশটির এক সাংবাদিক ও কার্টুনিস্ট স্বাতী ভাদলামুদি। সম্প্রতি কাশ্মীরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যায় ঘটনায় অভিযুক্তদের পক্ষ নেয়া কট্টরপন্থী হিন্দু সমর্থকদের বিদ্রূপ করে কার্টুনটি আঁকেন স্বাতী।
 
কার্টুনে সীতা রামের কাছে এই বলে সন্তুষ্টি প্রকাশ করছেন যে, তাঁকে রামের সমর্থকদের বদলে রাক্ষসদের রাজা রাবণ অপহরণ করায় তিনি বেশি স্বস্তি পেয়েছেন। এই কার্টুনটি প্রকাশিত হওয়ার পর থেকে হিন্দু কট্টরপন্থীদের নানা ধরণের হুমকির মুখে পড়তে হয়েছে ভাদলামুদিকে। এতে প্রাণনাশের ভয়ে রাতে ঘুমাতে পারছেন না বলেও জানান তিনি।
IMG0
তিনি বলেন, তার কার্টুনটি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা দুটি ঘৃণ্য ধর্ষণের ঘটনার প্রতি নিন্দার বহি:প্রকাশ। ভারত অধ্যুষিত কাশ্মীরের কাঠুয়া জেলায় আট বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর অভিযুক্ত হিন্দু ব্যক্তিদের সমর্থনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি’র দুই মন্ত্রী মিছিলে যোগদান করলে বিক্ষোভ প্রকাশ করে মানুষ।
 
আরেকটি ঘটনায় ১৬ বছর বয়সী একজন শিশু বিজেপি’র একজন আইনপ্রণেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঐ ব্যক্তির বাসার বাইরে আত্মহননের চেষ্টা চালায়। ভাদলামুদি বলেন, দু’টি ঘটনাই ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি’র সঙ্গে সম্পৃক্ত। একটি ক্ষেত্রে নেতা অপরাধ সংঘটন করেছেন, আরেকটিতে নেতারা অপরাধীদের সমর্থন করেছেন। ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের যারা সমর্থন করেছেন তাদের অধিকাংশই নিজেদের দেবতা রামের ‘ভক্ত বা উপাসক’ বলে দাবী করেছেন।
IMG1
গত কয়েকবছরে হিন্দু মৌলবাদের বিরোধিতা করা সাংবাদিকরা সামাজিক মাধ্যমে ভর্ৎসনার শিকার হয়েছেন। নারী সাংবাদিকদের অনেককেই ধর্ষণ ও আক্রমণের হুমকি দেয়া হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের আন্তর্জাতিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ ভারতকে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের হিসেবে অনিরাপদ হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের গবেষণা অনুযায়ী ১৯৯২ থেকে ভারতে অন্তত ২৭ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু