ভিন্নধর্মী ক্রিকেট উপহার দিতে পাইনের প্রতিশ্রুতি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২১:৩২
বিশ্ব ব্যাপী আলোড়ন সৃষ্টি করা বল টেম্পারিং কেলেঙ্কারির পর ক্রিকেটের একটি ‘সম্মানজনক’ নতুন যুগের সূচনা এবং জনগণের আস্থা পুন:প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন।
 
নব নিযুক্ত অধিনায়ক বলেন, টেম্পারিং এপিসোড অনেক বড় ছিল এবং খেলোয়াড়রা ভবিষ্যতে ভিন্ন ধর্মী ক্রিকেট উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
 
তাসমানিয়ার রাজধানী হোবার্টে সাংবাদিকদের ৩৩ বছর বয়সী পাইন বলেন,‘সামনে এগিয়ে যেতে আমাদের একটি পরিষ্কার পথ আছে। কিছুটা পরিবর্তন আনার মাধ্যমে খেলার ধারাটি আমরা নতুন করে লিখতে পারি।’
 
তিনি আরো বলেন, ‘আমাদের জন্য মূল বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি ভক্তদের আস্থা ফিরিয়ে আনা এবং আমাদের পথ-পরিক্রমা তাদের পছন্দ নিশ্চিত করা। যাতে তারা আমাদের খেলা দেখতে আসে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য গর্ব অনুভব করে।’
 
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্ব ব্যাপী ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় তোলে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির পর্যালোচনা দাবী ওঠে।
 
ন্যক্কারজনক এ ঘটনায় দলের তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয় নয় মাসের জন্য।
তারা তিন জনেই ক্ষমা চেয়েছেন এবং শাস্তি মাথা পেতে নিয়েছেন। পাইন বলেন, তাদের তিন জনকেই জাতীয় দলে স্বাগত জানানো হবে। তবে নতুন পরিবেশে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
 
তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে অবশ্যই যতটা সম্ভব আপনাকে প্রতিদ্বন্দ্বী হতে হবে। তবে আমাদের কেবল বিষয়টি ভিন্নভাবে দেখতে হবে। প্রতিপক্ষ দলগুলোকে আরো শ্রদ্ধাশীলভাবে দেখতে হবে।’ স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ানদের সমালোচনা শুনতে হয় এবং তিনি বলেন, মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় ‘সম্পূর্ণ ভিন্নভাবে এগোতে হবে।’
 
বল টেম্পারিং ঘটনায় কোচ ড্যারেন লেহম্যানের কোন সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তথাপি পদত্যাগ করেছেন তিনি। যে কারণে তার স্থানে এখন কোচ হিসেবে নতুন কাউকে খুঁজতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেটকে (সিএ)। নতুন কোচের বিষয়ে আলোচনা করতে আগামীকাল বৈঠক করবে সিএ।
 
দেশটির সাবেক তারকা খেলোয়াড় জাস্টিন ল্যঙ্গারকে নিয়োগ দেয়া হয়েছে বলে কিছু কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। তবে এমন খবর অস্বীকার করেছে সিএ। কোচ হিসেবে ল্যাঙ্গারকেই পছন্দ পাইনের । তবে বিশ্বের নামী-দামী অনেক প্রার্থী আছেন বলেও জানান তিনি। বাসস।
 
ইত্তেফাক/রেজা