বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে কাঁধে চোট পেয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গত বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পান তিনি। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে বল ধরতে ডাইভ দিয়েই চোটে পড়েন মোসাদ্দেক।
জানতে চাইলে গতকাল দক্ষিণাঞ্চলের এই ক্রিকেটার বলেছেন, ‘আগের দিন (বুধবার) ফিল্ডিংয়ের সময় ব্যথা পেয়েছি। আজ (গতকাল) ব্যাটিং করেছি তবে ব্যথা আছে। কাল (আজ) ম্যাচ শেষে ঢাকায় ফিরে স্ক্যান করাবো।’
কাঁধে ব্যথা পেলেও গতকাল দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে হয়েছে মোসাদ্দেককে। আট নম্বরে নেমে দিন শেষে ২২ রানে অপরাজিত রয়েছেন তিনি। সপ্তম উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে ৩৮ রানের জুটিও গড়েছেন সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই তরুণ ক্রিকেটার।
ইত্তেফাক/কেআই
