শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ক্লাবের প্রধান কোচ আর্সেন ওয়েঙ্গার। শুক্রবার তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দেন। ক্লাবের হয়ে দীর্ঘ ২২ বছরের দায়িত্ব পালন কালে ওয়েঙ্গার অসংখ্য ট্রফি এনে দিলেও সাম্প্রতিক সময়ে খুব একটা সুবিধা করতে পারছিলেন না এই ফরাসি। কোনভাবেই পৌঁছাতে পারছিলেন না প্রিমিয়ার লীগের শিরোপার কাছে।
১৯৯৬ সালে অখ্যাত একজন কোচ হিসেবে লন্ডনের এই ক্লাবে যোগ দিয়েছিলেন ৬৮ বছর বয়সি এই ফরাসি কোচ। তবে ধীরে ধীরে সেখানেই তিনি নিজেকে অসাধারণ এক কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন। আর্সেনালের দায়িত্ব পালনকালে ওয়েঙ্গার ক্লাবটিতে এনে দিয়েছেন প্রিমিয়ার লীগের তিনটি শিরোপাসহ এফএ কাপের রেকর্ডসংখ্যক সাতটি শিরোপা। যা তাকে আর্সেনালের ইতিহাসেও শ্রেষ্ঠ কোচের আসনে বসিয়েছে।
ইংল্যান্ডে নিজের প্রথম পূর্ণাঙ্গ সেশনেই ওয়েঙ্গার প্রিমিয়ার লীগ ও এফএ কাপের শিরোপা জয় করেছেন। নিজের সৃষ্টিশীল মেধা দিয়ে তিনি ইংলিশ ফুটবলে নিজের অবস্থানকে সংহত করতে থাকেন। একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গেই মূলত পাল্লা দিতেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে কাপ শিরোপা জয় করতে পারলেও লীগে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি। বিশেষ করে ম্যানচেস্টার সিটি ও চেলসির সঙ্গে চ্যালেঞ্জ নেয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অপারগ। প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগে তিনি এক কথায় ব্যর্থই হয়েছেন।
ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ওয়েঙ্গার বলেছেন, ‘ক্লাবের সঙ্গে আলাপ আলোচনা শেষে আমার মনে হয়েছে, চলতি মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দেয়াটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। ক্লাবে স্মরণীয় সময় পার করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ফার্গুসনের ইউনাইটেড যখন দুর্দান্ত প্রতাপে প্রিমিয়ার লীগ শাসন করছিল তখন এমিরেটসে এসেছিলেন ওয়েঙ্গার। ১৯৯৮ সালে প্রিমিয়ার লীগ ও এফএ কাপের শিরোপা জয়ের মাধ্যমে তিনি উড়তে থাকা ইউনাইটেডকে মাটিতে নামিয়ে আনেন। চার বছর পর ফের আর্সেনালকে দ্বিমুকুট পরিয়ে দেন ওয়েঙ্গার।
ফ্যাক্ট ফাইল :
নাম : আর্সেন ওয়েঙ্গার
জন্ম : ১৯৪৯ সালের ২২ অক্টোবর
জন্মস্থান : স্ট্রাসবার্গ, ফ্রান্স
বয়স : ৬৮ বছর
খেলোয়াড়ি জীবন :
পজিশন : ডিফেন্ডার
ক্লাবসমূহ : ফ্রান্সের মুতজিগ (১৯৬৯ থেকে ১৯৭৩), ফ্রান্সের মুলহাউস (১৯৭৩ থেকে ১৯৭৫), ফ্রান্সের এএসপিভি স্ট্রাসব্রো (১৯৭৫ থেকে ১৯৭৮), ফ্রান্সের আরসি স্ট্রাসব্রো (১৯৭৮ থেকে ১৯৮১)।
কোচিং ক্যারিয়ার : ন্যান্সি (১৯৮৪ থেকে ৮৭), মোনাকো (১৯৮৭ থেকে ৯৪), ন্যাগোয়া গ্রামপাস, এইট, জাপান (১৯৯৫থেকে ৯৬), আর্সেনাল, ইংল্যান্ড (১৯৯৬ থেকে ২০১৮)।
শিরোপা :
লীগ ওয়ান : ১৯৮৭-৮৮
ফ্রেন্স কাপ : ১৯৯০-৯১
ইম্পেরার্স কাপ : ১৯৯৫
জে লীগ সুপার কাপ : ১৯৯৬
প্রিমিয়ার লীগ (৩) : ১৯৯৭-৯৮, ২০০১-০২, ২০০৩-০৪
এফএ কাপ (৭) : ১৯৯৭-৯৮, ২০০১-০২, ২০০২-০৩, ২০০৪-০৫, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৬-১৭। বাসস
ইত্তেফাক/ রেজা
