রানা প্লাজা ধস: ‘স্মৃতি কাঁথা ও কথা’ প্রদর্শনী

আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২০:৩৫
‘‘মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো’’ এই স্লোগানকে ধারণ করে সাভারে রানা প্লাজার সামনে ‘‘স্মৃতি কাঁথা ও কথা’’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ ও স্বপ্ন হত্যার ৫ বছর পুর্তিকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নিখোঁজ সমাপ্তি রাণীর মা ও আহত শ্রমিক রুনা রাণী দাস।
 
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান আলোকচিত্রী তাসলিমা আখতার এবং আমেরিকান এ্যাক্টিভিস্ট, কাঁথা শিল্পী রবিন বারসন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেন।
IMG0
বক্তারা বলেন, নিহতদের নিয়ে এই ছবি স্মৃতি কাঁথা প্রদর্শনীর উদ্দেশ্য হলো ২৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজা ধসে হাজারো প্রাণ-স্বপ্ন হত্যার কথা যাতে আমরা ভুলে না যাই তারই আহ্বান। এ প্রদর্শনীর মাধ্যমে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ এবং রানা প্লাজা ও তাজরীনের পুনরাবৃত্তি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
 
এতে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, নিহত রাব্বীর মা রাহেলা খাতুন, নিখোঁজ শান্তার বোন সেলিনা আক্তার, নিখোঁজ বিউটির স্বামী আলম মাতবর, আহত শ্রমিক রুপালীসহ অনেকে।
IMG1
নিহত শ্রমিকদের ছবি কাপড়ে বসিয়ে তাদের পরিবারের সদস্যরাই তৈরি করেছেন এ ‘স্মৃতি কাঁথা’। একই সাথে নিজ হাতে পরিবারের নিহত সদস্যদের নিয়ে ছোট ছোট রুমালে লিখেছেন নিজেদের মনের নানা কথা। এসব কথায় লুকিয়ে আছে হারানো আপজনের জন্য আকুতি। মোট ১৫টি নিহত নিখোঁজ পরিরবারের নারী সদস্যরা এই কাজ এ অংশ নিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি