মুলাদীতে খাসেরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পাটগুদামসহ ৮ দোকান পুড়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে বন্দরের রুহুল আমিন পাটোয়ারির গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকান পুড়ে যায়।
বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছায়। বন্দর কমিটির সভাপতি ও কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, মুলাদী থানার ওসি জিয়াউল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
ইত্তেফাক/আরকেজি
