বাগেরহাটের শরণখোলায় অজ্ঞাত সন্ত্রাসীর ধারালো দায়ের কোপে হোসনে আরা বেগম (৭০) নামের এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হওয়া হোসনেআরা বেগম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা কামালের মা।
মেজর (অব.) মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, ওই গ্রামের নুরুল ইসলাম মিয়ার স্ত্রী হোসনেআরা বেগম গতকাল মাগরিবের নামাজের আগে বাড়ির সামনে পায়চারী করছিলেন। এমন সময় অজ্ঞাত এক ব্যক্তি এসে তার পরিচয় জানতে চান। পরিচয় পেয়েই হাতে থাকা ব্যাগ থেকে রামদা বের করে তার বাম পায়ের গোড়ালি বরাবর সজোরে কোপ দেন। এতে তার পায়ের নীচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত হোসনেআরাকে বিচ্ছিন্ন পা’সহ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিন রাত ৮টার দিকে এ্যাম্বুলেন্সে করে স্বজনরা ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান। তবে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে তার স্বজনরা জানান, হোসনেআরা বেগমের বিচ্ছিন্ন পা জোড়া লাগানো সম্ভব হয়নি। তবে তিনি শঙ্কামুক্ত। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা মেটাতে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীর সন্ধানে পুলিশি অভিযান চলছে। এব্যাপারে আইনগত সব ধরণের সহযোগিতা করা হবে।
ইত্তেফাক/এসএস
