১৬ প্রশ্ন ফাঁসকারী সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:৩৪
মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের আটক ১৬ সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে জেলার গোয়েন্দা পুলিশের এসআই মো. মোবারেক হোসেন সদর মডেল থানায় এ মামলা করেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, মাদারীপুরে ১৬টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র টাকার বিনিময়ে উত্তরপত্র সরবরাহ করছে-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের পাঠককান্দির দুটি বাসায় অভিযান চালিয়ে চক্রের ১৬জনকে আটক করে।
 
আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, ইলেকট্রিক ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। তাদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি