গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত-১০

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২২:৪৭

জমির মাটি রাস্তায় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার চর শরিকল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল কবির জানান, ৪০ দিনের কমূসুচির আওতায় পূর্বচর শরিকল থেকে হাওলাদার বাড়ির রাস্তার নির্মাণ কাজ করছে স্থানীয় ইউপি সদস্য শওকত মেম্বার। গত বুধবার রাস্তার মাটি কাটার জন্য মজিবর হাওলাদার একই বাড়ির এমদাদুল হক হাওলাদারের জমি দেখিয়ে দেন। এ নিয়ে এমদাদুলের সাথে মজিবরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এমদাদুলের নেতৃত্বে হামলা চালিয়ে মজিবরকে মারধর করে। হামলার খবর পেয়ে মজিবরের পুত্ররা ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার বিকেল ৪টার দিকে  মজিবরের পুত্র মাসুম হাওলাদার তার পিতাকে কেন মারধর করা হলো তা এমদাদের কাছে জানতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলা, পাল্টাহামলা ও সংঘর্ষ ঘটেছে।

হামলা ও সংঘর্ষে মজিবর গ্রুপের তার পুত্র হানিফ হাওলাদার, মাসুদ হাওলাদার, মাসুম হাওলাদার, জাহিদুল হাওলাদার, বৃদ্ধা মা আনোয়ারা বেগম ও  এমদাদুল গ্রুপের এমদাদুল, তার স্ত্রী তাসলিমা আক্তার, সহোদর ভাই শহিদুল হাওলাদারসহ উভয় পক্সের ১০ জন আহত হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম মুনির বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু