পাঞ্জাব চ্যাম্পিয়ন হলে বিশেষ উপহার দেবেন মালিক প্রীতি জিনতা

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:৩২
শাহরুখ খান তার কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, চ্যাম্পিয়ন হলে তিনি ইডেনে সমারসল্ট দেবেন। দিয়েছিলেনও। এ বার প্রীতি জিনতাও তার নায়ককেই অনুসরণ করলেন।
 
শনিবার ইডেনে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তার দল কিংস ইলেভেন পাঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনিও বিশেষ কিছু করে দেখাবেন। সেটা কী, তা অবশ্য স্পষ্ট করে বলেননি প্রীতি। ম্যাচের পরে টিভি-তে কে এল রাহুলের সাক্ষাৎকার নিচ্ছিলেন পাঞ্জাব দলের মালিক প্রিতী। যেখানে রাহুল হঠাৎ বলে বসেন, ‘দল চ্যাম্পিয়ন হওয়ার পরে শাহরুখ ভাই যেমন নাইটদের জন্য সমারসল্ট দিয়েছিল, তোমাকেও কিন্তু আমাদের জন্য এ রকমই কিছু করে দেখাতে হবে।’
 
জবাবে প্রীতি বলেন, ‘ব্যাপারটা কী? তোমরা সব সময় আমাকে নিয়ে মজা করো কেন? ঠিক আছে, কথা দিচ্ছি, বিশেষ কিছু আমিও করে দেখাব। আগে তো তোমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাও।’
 
এ বার আইপিএল নিলামে প্রথমে ক্রিস গেলকে নেওয়াই হয়নি পাঞ্জাব দলে। দ্বিতীয় দিন তাকে নেওয়া হয়। সেই গেলই এখন মাতিয়ে দিচ্ছেন। 
 
সেটা বলিউডের নায়িকা বলেন, ‘এটা ঠিকই, আমরা প্রথমে গেলকে নিইনি। ওর জায়গায় আমরা এক জন ভারতীয় ব্যাটসম্যানকে নেব বলে ঠিক করে রেখেছিলাম। কিন্তু কাউকে না পেয়ে দ্বিতীয় দিন আমরা ওকে নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন তো দেখছি ও-ই কাঁপিয়ে দিচ্ছে।’
 
IMG0
 
তবে গেল দুর্দান্ত ব্যাটিং করলেও দলের মালিকের কাছ থেকে প্রশংসা পান রাহুলও। প্রীতি তাকে বলেন, ‘শুধু গেলের ওপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকে একসঙ্গে ভাল পারফরম্যান্স করতে হবে। তা না হলে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হব কী করে? এ বারে আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মতো একজন অধিনায়ক পেয়েছি। দলে ভাল ব্যাটসম্যান, বোলার সব আছে। তা হলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনও কারণ দেখছি না।’
 
রাহুলও তাকে কথা দেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তবে এখনও আমাদের অনেকটা রাস্তা পেরোতে হবে। অনেকগুলো ম্যাচ জিততে হবে। আমি তাই গেলকে ক্রিজে দাঁড়িয়েই বলছিলাম, বেশি ঝুঁকি নিয়ে বড় শট খেলো না। হঠাৎ পিঠে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে তোমাকে। সেই শুনে গেল বলে, ‘চিন্তা কোরো না বন্ধু। আমি একেবারে ফিট আছি। থাকবও।’ যা শুনে আমি কিছুটা স্বস্তি পাই।’
 
ইত্তেফাক/রেজা