পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদকব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২২:২৩
ভারত থেকে পায়ুপথে একটি প্যাকেটে ২৩৫ পিস ইয়াবা নিয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অচেতন হয়ে পড়া জালাল হোসেন (৩৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।
 
রবিবার বিকাল ৪টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার ভারত-সীমান্তবর্তী শাহপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলার চান্দিনা উপজেলার খিরাশার মহনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহটি সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, জালাল হোসেন রবিবার বিকালে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর অচেতন হয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন ও বিজিবি টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বিজিবির গাড়িতে তোলার সময় জালাল হোসেনের পায়ুপথ থেকে ইয়াবা ভর্তি নীল রংয়ের একটি প্যাকেট বের হয়ে আসে। তখন ইয়াবাসহ তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম সামদানী রাব্বি জানান, জালাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পায়ুপথে ইয়াবা বের হয়ে আসার বিষয়টি জেনে তার পেটে আর কোন কিছু আছে কি-না তা জানার জন্য এক্স-রে করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
 
কুমিল্লাস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার পিপিএম জানান, ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে সীমান্তের শাহপুর এলাকায় প্রবেশের পর তিনি ‘আমাকে বাঁচান’ বলে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজনসহ বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে। এসময় তার পায়ুপথ থেকে মলসহ ইয়াবা ভর্তি নীল রংয়ের প্যাকেট বের হয়ে আসে। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, সুরতহালে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে পায়ুপথে আনা প্যাকেটে ২৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। তার বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি