মন্টে কার্লোয় রেকর্ড গড়লেন ক্লে-কোর্টের রাজা নাদাল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:৫২
ট্রফিহীন মৌসুমে মন্টে কার্লো মাস্টার্স খেতাব জিতে চেনা ক্লে কোর্টে স্বরূপে প্রত্যাবর্তন করলেন রাফায়েল নাদাল। ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৯৩ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-২ গেমে হারান এই স্প্যানিশ তারকা। 
 
এই নিয়ে ১৪ বছরে রেকর্ড ১১ বার মন্টে কার্লো মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন নাদাল। ট্রফি জিতে নাদাল বলেন, ‘গত পাঁচ মাস খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এখন আমি এই মুহূর্তটা উপভোগ করব। কাল থেকে পরের টুর্নামেন্ট নিয়ে ভাবব। এখানে ১১বার চ্যাম্পিয়ন হয়েছি, গোটা বিষয়টাই কেমন অবিশ্বাস্য লাগছে।’
 
১০ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। সমান সংখ্যক বার্সেলোনা ওপেনের খেতাবও জিতেছেন তিনি। এবার মন্টে কার্লো মাস্টার্স খেতাব জয়ের সংখ্যাটা ১১ করে নিলেন নাদাল। আগামী মাসে ফরাসি ওপেনের আগে অবশ্য বার্সেলোনা ওপেনে নামতে চলেছেন তিনি। তবে মন্টে কার্লোতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ১৬ গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।
 
ইত্তেফাক/কেআই