রাজশাহীর পুঠিয়া উপজেলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার বানেশ্বর বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪) এবং জামিরা গ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০)। সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, রবিবার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে রাজু স্বীকারোক্তি দেয় যে, তিনি আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় রাজুর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
আর ফরহাদের কাছ থেকে দুটি জিহাদী বই, একটি মোবাইল, দুটি সিমকার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। এছাড়া জাহাঙ্গীরের কাছ থেকে জব্দ করা হয়েছে আরও তিনটি জিহাদী বই, তিনটি জিহাদী লিফলেট ও একটি করে মোবাইল ফোন, সিমকার্ড, মেমোরি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক তিন জঙ্গির বিরুদ্ধে বেলপুকুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আলামতসহ থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
