দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ প্রেমিকা গ্রেফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০১:০০

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চখারচর গ্রামের গৃহবধু হালিমা হত্যা মামলার আসামি ঘাতক স্বামী আব্দুস সালাম (৪০) ও তার প্রেমিকা পলি আক্তার পয়সা (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় গত ২৮ মার্চ রাতে উপজেলার চখারচর গ্রামের মৃত অমেজ ব্যাপারীর পুত্র আব্দুস সালাম তার নিজ ঘরে স্ত্রী হালিমাকে গলা কেটে হত্যা করে। তারপর পরিবারের লোকজনের সহায়তায় লাশ গুমের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরদিন ২৯ মার্চ সকালে বিষয়টি এলাকাবাসী দেওয়ানগঞ্জ মডেল থানায় জানায়। পুলিশ নিহতের স্বামীর বাড়ি থেকে গৃহবধু হালিমার গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় গত ২৯ মার্চ নিহত হালিমার ভাই বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ঘাতক স্বামীসহ ১৩জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল হোতা ঘাতক স্বামী সালাম ও তার প্রেমিকা পলি আক্তার পয়সাকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২২এপ্রিল রবিবার নরসিংদী এলাকার কাউরিয়া কবরস্থান সদর হাসপাতাল রোড থেকে গ্রেফতার করে জামালপুরে নিয়ে আসে। গত ২৩এপ্রিল সোমবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দ্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, বিয়ের পর থেকে আব্দুস সালাম যৌতুকের জন্য হালিমাকে নির্যাতন করে আসছিল। অপর দিকে একই  গ্রামের মৃত আব্দুল করিমের তালাক প্রাপ্ত মেয়ে পলি আক্তার পয়সা বেগম (২৭) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে সালাম। এ নিয়ে  নিহত হালিমার সাথে স্বামী আব্দুস সালামের মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতো। ঘটনার রাতে ঝগড়ার পর স্ত্রীকে  গলা কেটে হত্যা করে লাশ গুম করতে না পেরে অবশেষে পালিয়ে যায়।

ইত্তেফাক/নূহু