৪৬ ঘণ্টা ব্যবধানে রাজাপুরে আবারো খুন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১২:৪৯
৪৬ ঘণ্টার ব্যবধানে আবারো শ্রমিক খুন। সেই একই নির্মম নৃশংস পদ্ধতি। ধারালো অস্ত্র দিয়ে শরীরে ও মাথার ওপর উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে মাটিতে শুইয়ে দেয়া। গতকাল সোমবার রাত ৮ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ভাতকাঠি এলাকার রাস্তার উপরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হলেন মোটর শ্রমিক আ. শুক্কুর হাওলাদার (২০)।
 
নিহত শুক্কুর হাওলাদার উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া এলাকার মো. দুলাল হাওলাদার এর ছেলে। তিনি একজন ভাড়ার মোটরসাইকেল চালক। পুলিশ রাতেই মোটরসাইকেল সহ মৃতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাতকাঠি গ্রাম থেকে মো. নাসির উদ্দিন নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, মোটর শ্রমিক আ. শুক্কুরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের মাত্র ৪৬ ঘণ্টা আগে উপজেলা সদরের কামার পট্টি এলাকায় গত শনিবার রাতে অজ্ঞাতদের হাতে মো. খলিলুর রহমান মোল্লা (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে নির্মম নৃশংসভাবে খুন হয়। এখনও ওই হত্যাকাণ্ডের নেপথ্য মদদদাতা এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা বা হত্যা রহস্যের জট খোলা যায়নি। খলিল হত্যা মামলায় মিঞা মাহমুদ পাখি (৪৯) নামে স্থানীয় এক ব্যক্তিকে থানা পুলিশ গ্রেফতার করে গতকাল সোমবার আদলতে হাজির করে রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরপর দুইটি হত্যাকাণ্ড সহ একাধিক চুরির ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি বলে এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/এসএস