বাঁশখালীতে র‌্যাবের গুলিতে 'ধর্ষক' নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৪:৩৭
চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া সীমান্তবর্তী এলাকায় র‌্যাবের সাথে গুলি বিনিময়কালে আব্দুল হাকিম মিন্টু (৩০) নামে এক অভিযুক্ত ধর্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, পেকুয়া উপজেলার পশ্চিম টৈটং মিতান্নঘোনায় অভিযান পরিচালনা করে র‌্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে একদল র‌্যাব। এ সময় আবদুল হাকিম মিন্টু তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি বিনিময় করে। এতে গুলিবিদ্ধ হয়ে মিন্টু ঘটনাস্থলে নিহত হয়। এ সময় একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২টি খালি খোসা উদ্ধার করে র‌্যাব। নিহত আবদুল হাকিম মিন্টুর লাশ পেকুয়া থানায় নিয়ে আসা হয় বলে জানা যায়।
 
উল্লেখ্যে, ১৮ এপ্রিল বিকেলে শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় শামশুল আলমের ছেলে আব্দুল হাকিম মিন্টু। এ সময় ওই শিশুর প্রচুর রক্তক্ষরণ হলে ধর্ষক মিন্টু তাকে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।  পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করে। সর্বশেষ আজ ভোরে র‌্যাবের একটি টিম তাকে ধরতে অভিযান পরিচালনা করলে ওই গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই ধর্ষকের মৃত্যু হয়।
 
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ সালাহউদ্দিন হিরা বলেন, ঘটনাটি বাঁশখালীর হলেও ধর্ষককে ধরতে পেকুয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে নিহত ধর্ষকের লাশ পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার লাশ বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
 
ইত্তেফাক/এসএস