ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:৪৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ দেবনাথ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌণে দশটার দিকে সদর উপজেলার রামরাইল ইউপির উলচাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের নাথবাড়ির মালি রঞ্জন দেবনাথের ছেলে। সে শহরের কালাইশ্রী পাড়ার স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা যায়। 
 
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে রান্না ঘরে জগদীশ বাতির সুইচ দিতে যায়। এ সময় সুইচ শর্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল মৃত ঘোষণা করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি আমরা জেনেছি। 
 
ইত্তেফাক/এমআই