অটোবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল রিকশাচালকের

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:০৭
নারায়ণগঞ্জের বন্দরে অটোবাইকের ধাক্কায় এক রিকশা চালক প্রাণ হারিয়েছে। মঙ্গলবার সিএসডি গেইট সংলগ্ন সড়কে অটোবাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক রুবেল (৩০) প্রাণ হারান। চালক জাকির পালিয়ে গেলেও পুলিশ অটোবাইকটি আটক করেছে। পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে মর্গে প্রেরণ করে। নিহত রিকশা চালক বন্দর র‌্যালি বাগানের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে, একরামপুর ঘাট থেকে বন্দর সিএসডি গেইটের দিকে প্রবেশ করার সময় রিকশাটির সঙ্গে নবীগঞ্জ থেকে বেপরোয়াভাবে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিকশা চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় বন্দর-নবীগঞ্জ লাইনে সকল অটোবাইক বন্ধ রয়েছে। 
 
এদিকে বিষয়টি নিয়ে অটোবাইক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে আপোষ মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিকশাচালকের মরদেহ মর্গে ছিল। 
 
ইত্তেফাক/কেআই