মিরপুরে প্রধান শিক্ষককে সভাপতির থাপ্পড় দেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২৩:৫৬

কুষ্টিয়ার মিরপুরে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থাপ্পড় মেরেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া সাপকামড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে আজ।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির নাম আব্দুস ছালাম। ঘটনার শিকার প্রধান শিক্ষকের নাম মোলায়েম হোসেন। তিনি  দায়িপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত।

জানা যায়, আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

মোলায়েম হোসেন জানান, বিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছালাম তার কক্ষে প্রবেশ করে। বিদ্যালয় মেরামত ও সরঞ্জাম কেনার জন্য যে ৪০ হাজার টাকা দিয়েছে সে টাকা চেকের মাধ্যমে তাকে দিতে বলে। সভাপতি বলে, 'আমি পরে কাজ করে দেবো। এখন টাকা দিতে হবে।'

প্রধান শিক্ষক সেই টাকা দিতে না চাওয়ায় সভাপতি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড় মারে।

প্রধান শিক্ষক বলেন, 'এই টাকা বিদ্যালয়ের সম্পদ কারো ব্যক্তিগত খরচের টাকা নয়।'

এ ব্যপারে মিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সরকারীভাবে প্রতিবছর স্কুলের ছোট-খাটো উন্নয়নের জন্য “স্লিপ ফান্ড” নামে একটি ফান্ডে টাকা দেয়া হয়। এটা পরিচালনা করার জন্য কমিটি থাকে। সেই কমিটি কাজগুলো করে থাকে। ঐ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম বিদ্যালয়ে গিয়ে টাকা চাইলে প্রধান শিক্ষক টাকা দিতে না চাইলে তিনি প্রধান শিক্ষককে চড় মারেন।

তবে ধাপারিয়া সাপকামরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম জানান, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে কোন টাকা-পয়সা চাইনি এবং কারো গায়ে হাত তুলিনি।

ইত্তেফাক/নূহু