কুমিল্লায় মহাসড়কে থেমে থেমে যানজট, দুর্ভোগ চরমে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৬:১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকায় বুধবার ভোর থেকে দিনভর থেমে থেমে যানজট চলছে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের নাকাল হতে হচ্ছে। এসময় অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গাড়ির চালক ও যাত্রীরা বলছেন, কুমিল্লা থেকে ঢাকা যাতায়াতের ২ ঘণ্টার রাস্তায় প্রায় ৬-৭ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যাত্রী ও চালকদের অভিযোগ- মেঘনা ও দাউদকান্দি সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে সংশ্লিষ্টদের অবৈধ বাণিজ্য এবং অতিরিক্ত গাড়ির চাপ ও বেপরোয়া গতিতে এলোমেলো গাড়ি চলাচলের কারণে তারা ফোর লেনের তেমন সুফল পাচ্ছেন না। যানজটে আটকা পড়ে যাত্রী ছাড়াও পণ্যবাহী যানবাহন, রোগীবাহী অ্যাম্বুলেন্সকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।
 
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে থেমে যাচ্ছে। এছাড়াও দাউদকান্দির টোল প্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে অবৈধভাবে টাকা আদায় নিয়ে পণ্যবাহী যানবাহনের চালকদের সাথে সংশ্লিষ্টদের দর কষাকষির কারণে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রী ও চালকদের অভিযোগ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন হওয়ার কারণে মহাসড়কের অন্য কোথাও তেমন যানজট সৃষ্টি না হলেও টোল প্লাজায় পণ্যবাহী যানবাহন থেকে বখরা আদায় করতে গিয়ে ঢাকামুখী অংশে প্রতিদিনই কমবেশী যানজট লেগেই থাকে। 
 
ঢাকাগামী এশিয়া পরিবহনের যাত্রী আবদুল ওয়াদুদ জানান, বেলা ১০টায় কুমিল্লা থেকে রওয়ানা করে দাউদকান্দি এলাকায় পৌঁছাতে সময় লেগেছে সাড়ে ৪ ঘণ্টা। ঢাকায় কখন পৌঁছব বলতে পারছি না। দুপুর আড়াইটার দিকে হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সড়কে যানবাহনের চাপ বেশি। এছাড়াও দাউদকান্দি ও মেঘনা সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট স্থায়ী হচ্ছে না। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই