চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকা থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। গত মঙ্গলবার রাতে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছানোর পর তল্লাশিকালে মরদেহ দুটি পাওয়া যায়।
পুলিশ শিশু দুটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা পথশিশু বলে রায়হান নামে তাদের এক সঙ্গী জানিয়েছে। পুলিশের ধারনা, রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে ঢাকার কমলাপুর থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে রাত সাড়ে আটটায় চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছে। এরপর তল্লাশিকালে ট্রেনের একটি বগীর ছাদ থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। পাশে হাতে আঘাত পাওয়া রায়হান নামে আরেকটি শিশুকেও পাওয়া যায়।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আহত রায়হান জানিয়েছে তারা ছিন্নমূল শিশু। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর চার সঙ্গী নিয়ে রায়হান ট্রেনের ছাদে উঠে বসে। ফেনী স্টেশনের কাছাকাছি এলে ছাদে লাফালাফি করার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খাওয়ার পর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ ঘটনায় রায়হানের হাত ভেঙে যায়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
