বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর কর্মকর্তা আবুয়াল মাসুদ মামুনকে মারধর করেছে মজুরি ভিত্তিক কর্মচারীরা। বুধবার দুপুরে মেয়র মো. আহসান হাবিব কামালের সামনেই নগর ভবন চত্বরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মারধরের শিকার কর কর্মকর্তা আবু আল মাসুদ মামুন জানান, তিনি অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে নগর ভবন চত্বরে থাকা নিজস্ব মোটরসাইকেলের কাছে যান। এসময় হঠাৎ করে মিন্টু, হিমেলসহ মজুরি ভিত্তিক কর্মচারীরা তার ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। মারধরের কারণ জানতে চাইলে ওরা জানান আবুল হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নাকি তিনি কটুক্তি করেছেন।
তিনি আরো জানান, মজুরি ভিত্তিক কর্মচারীদের অনেকেই ঠিকমত দায়িত্ব পালন করেন না, কর্মস্থলে আসেন না। এজন্য কর্তৃপক্ষ অনেককে লাল তালিকাভুক্ত করেছেন, অনেককে চাকুরি থেকে বাদও দিয়েছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়েই তার ওপর এই হামলা করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিসিসির শ্রমিক লীগ শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও প্রকৌশল শাখার কার্য সহকারী মিন্টু চন্দ্র রায় বলেন, আমাদের আওয়ামী লীগের লোকজনদের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় রিপোর্ট দিয়ে থাকেন।
এদিকে, এই ঘটনায় বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের কক্ষে জরুরি বৈঠক বসে। বৈঠকে মেয়র আহসান হাবিব কামাল জানান, মামুন লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ইত্তেফাক/আরকেজি
