লোডশেডিংয়ে কাহিল চন্দনাইশবাসী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১১:১৮
গরমের শুরুতেই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে মানুষের জনজীবন কাহিল হয়ে পড়েছে। প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। পাশাপাশি বেকায়দায় পড়েছে স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা।
 
মাইশা নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, প্রতিদিন সন্ধ্যায় লেখাপড়া করার সময় বিদ্যুৎ লোডশেডিং কারণে পড়াশুনার চরম বিঘ্নিত ঘটছে। এছাড়াও বিদ্যুতের ভেলকিবাজিতে নষ্ট হয়ে যাচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম। মাত্রারিক্ত লোডশেডিং কারণে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।
 
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিস চন্দনাইশের অধীনে প্রায় ৪০হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকরা প্রতিনিয়ত লোডশেডিংয়ের শিকার হলেও অভিযোগ করে কোন প্রতিকার পাচ্ছে না।
 
এ ব্যাপারে চন্দনাইশ গাছবাড়িয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আবুল বশরের সাথে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে জানান, আমরা সব সময় গ্রাহকের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু জাতীয় গ্রিডের ত্রুটি এবং চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় লোডশেডিং করতে হচ্ছে। এখন গ্রিডের কাজ চলছে আশাকরি শীঘ্রই লোডশেডিং কমে আসবে।
 
ইত্তেফাক/এসএস