শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১১:৩০
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বুধবার সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। সদ্য ফুলে ওঠা ইরিবোরো ধান মাঠের মধ্যে নেতিয়ে পড়েছে।
 
গতকালের ঝড়ের সাথে প্রবল দমকা হাওয়া ও মুষলধারায় বৃষ্টি হয়। এতে প্রবল দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড দুমড়ে মুচড়ে গেছে।
 
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরএলাকা, কায়েমপুর, গাড়াদহ, নরিনা, পোতাজিয়া, গালা, কৈজুরী, পোরজনাসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি নেতিয়ে পড়েছে ও ভেঙে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনা তীরবর্তী অঞ্চল ও দুর্গম চরাঞ্চল গুলিতে। এসব স্থানের প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে, কাঁচা ঘরবাড়ির বেড়া ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা সমূলে উপড়ে পড়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার বেশিরভাগ এলাকা।
 
ইত্তেফাক/এসএস