গোদাগাড়ীতে পিটিয়ে ছাত্রের হাত ভেঙে দেয়ার ঘটনায় শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৩:৪৬
রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন ও হাত ভেঙে দেয়ার ঘটনায় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সারাংপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন তৃতীয় শ্রেণীর ছাত্র তাহামিদুজ্জামানকে (৮) লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার আলী। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে।
 
ভিকটিম ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় ১৭ এপ্রিল উপজেলার গোমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মৌখিকভাবে ডেপুটেশনে বদলী হয়ে সারাংপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসে। কিন্তু সাত দিনের মাথায় ছাত্র পিটিয়েছেন শিক্ষক মোতাহার।
 
ছাত্র পেটানোর ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মোতাহারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।সারাংপুর কাচারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত বলেন, ছাত্র পেটানোর ঘটনায় সাথে সাথে গোদাগাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা অবহিত করা হয়েছে।
 
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর-উন নাহার সাথে কথা হলে তিনি বলেন, ছাত্র পিটানোর ঘটনা খুবই দুঃখজনক তাই শিক্ষক মোতাহারকে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটানোর ঘটনায় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস