লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা ধরার অপরাধে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১২ মন জাটকা, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চরআবাবিল ইউনিয়নের মেঘনা নদীর সাজু মোল্লার মাছ ঘাট এলাকা এ অভিযান চালানো হয়।
দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ আটককৃত ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিম খানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ ছাড়া মাছ ধরার জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা জেলে কায়সার মিজি (২৫), জাকির হোসেন (৪৫), জসিম উদ্দিন (৪০), জসিম মিঝি (২৭), মো. শাহজাহান (২৮), শিপন মিজি (২৬), রুবেল মিজি (২৫), মো. মোছলেম (৬৫) ও মুজিবুর (২৫) আটক করা হয়। তারা সবাই চাঁদপুর জেলা ও মুন্সীগগঞ্জ জেলার বাসিন্দা। অভিযানের সময় জেলেরা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করার চেষ্টা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ বলেন, নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
