বদরগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা হারালেন আঙ্গুর হোসেন (৩৫) নামের এক মুদি ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শ্যামপুর পুটিমারী গ্রামের সহিদার রহমানের ছেলে।
এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বদরগঞ্জ রেলস্টেশনের কর্মচারী জেয়াদুল হক জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী এইড ডাইন মেইল নামে একটি ট্রেন বিকেল সাড়ে তিনটায় বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে ওঠার সময় ট্রেনের নিচে পড়ে যায় আঙ্গুর হোসেন।
বদরগঞ্জ হাসপাতালের চিকিৎসক জামিল হোসেন জানান, আঙ্গুরের ডান হাতের কনুইর নিচ পর্যন্ত এবং ডান পায়ের পাঁচ আঙ্গুল ছিন্নবিছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
