আগামী বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব : এনবিআর চেয়ারম্যান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২০:৩২
আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশের বাজেট এখন চার লাখ কোটি টাকা, যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।
 
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে খুলনা বিভাগের অংশীজনদের সাথে ২০১৮-১৯ অর্থ বছরের ‘বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক।
 
এনবিআর চেয়ারম্যান আরো বলেছেন, ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা করা যায় কি-না সেটি বিবেচনাধীন আছে। মোংলা বন্দরকে আরো গতিশীল এবং মোংলা কাস্টমস হাউজকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। এছাড়া ভোমরা স্থল বন্দর দিয়ে ২৭ প্রকারের অধিক পণ্য আমদানি ও সকলক্ষেত্রে সাফটা নিয়ম একই করারও ঘোষণা দেন।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) মো. ফিরোজ শাহ আলম, সদস্য (কর নীতি) কানন কুমার রায় এবং সদস্য (মূসক নীতি) মো. রেজাউল হাসান।
 
ইত্তেফাক/আরকেজি