ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে কুপিয়ে জখম করার অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২১:০৪
নিকলীতে তথ্য সংগ্রহের জেরে আবদুর রহমান রিপন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা সোহেল মিয়া (৩৪) ও তার লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাতটায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
তাকে গুরুতর আহত অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি একটি অন লাইন নিউজ পোর্টালের নিকলী উপজেলা সংবাদদাতা হিসাবে কর্মরত।
 
রিপন জানান, দরিদ্রদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নাম করে একটি দালাল চক্র নিকলীর বিভিন্ন গ্রামের সহজ সরল লোকজনকে ঘর দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা আদায় করছে। প্রকল্পটির সত্যতা ও ঘর প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায়ের বৈধতা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। ইউএনও মো. ইয়াহ্ হিয়া খানের সাথে সাংবাদিক রিপনের আলাপকালে ছাত্রলীগ নেতা সোহেল মিয়া বাধা দেন। এ সময় ইউএনওর উপস্থিতিতেই সোহেল উপজেলায় কর্মরত সকল সাংবাদিককে যে কোন তথ্যের জন্য গাছে বেঁধে পেটানোর হুমকি দেয়। রিপন ওইদিনই উপজেলার কর্মরত সাংবাদিকদের বিষয়টি জানায়।
 
পরে সাংবাদিক নেতারা বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামকে ঘটনাটি প্রাথমিকভাবে জানানোর সিদ্ধান্ত নেন। এদিকে বুধবার বিকালে সোহেল ক্ষিপ্ত হয়ে লোকজনদের রিপনের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে এসআই সমেরেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে সোহেল আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সকাল সাতটায় নিজ বাড়ির সামনের একটি দোকানে বসা অবস্থায় ধারালো অস্ত্রে সজ্জিত সোহেল ও তার লোকজন রিপনের ওপর হামলা চালায়।
 
নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ জানান, সোহেল নিকলী উপজেলা ছাত্রলীগের সদস্য। বিষয়টি আমি যতটুকু শুনেছি রিপন ও সোহেল আপন খালাত ভাই। কি নিয়ে এ ঘটনা সূত্রপাত তা জানি না। সোহেল অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টি তার একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেন।
 
ইত্তেফাক/আরকেজি