শ্রীমঙ্গলে মহাবিপন্ন প্রাণী ‘বনরুই’ এর সন্ধান মিলেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছবপুর এলাকা হতে প্রাণীটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ইছবপুর গ্রামের বাসিন্দা নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কৃপেশ দেবের বাড়ির সবজি ক্ষেতে বনরুইটিকে একটি জালে আটকে থাকতে দেখা যায়। পরে তার নাতি এটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে।
IMG0
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। সেখানে বনরুইটির প্রাথমিক চিকিৎসাসেবা চলছে।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধারকৃত বনরুইটি কোমড়ে আঘাত পেয়েছে। বনরুইটি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
ইত্তেফাক/আরকেজি
