রংপুরে মাথা পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:২৭
রংপুরে জুয়েল মিয়া (২৭) নামে এক যুবকের মাথা পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে কোতোয়ালী থানার পুলিশ রংপুর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের মেকুরা পাঠানপাড়া নয়াটারী এলাকার ঘাঘট নদীর দ্বিতীয় ঘাট সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত জুয়েল একই ওয়ার্ডের মেকুরা মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
 
স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, এলাকাবাসী আজ সকালে ভুট্টা ক্ষেতের মধ্যে মাথা পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে পুঁতে রাখা মাথা বের করে।  পরে মরদেহটি জুয়েলের বলে তার স্বজনেরা সনাক্ত করেন।
 
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় নারী কাউন্সিলর নাজমুন্নাহার বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জুয়েল বাড়ি থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে আর বাড়িতে ফিরে যায়নি জুয়েল। লোকমুখে শোনার পর ঘটনাস্থলে গিয়ে জুয়েলের মরদেহ সনাক্ত করেন স্বজনেরা।
 
নিহতের ছোট ভাই জাকির হোসেন বলেন, জুয়েলের নিজের জমি চাষ করা ট্রাক্টর ও ট্রলি রয়েছে। সেগুলো ভাড়ায় দিতেন এবং মাঝে মধ্যে নিজেও চালাতেন। তবে তাকে কারা কি কারণে হত্যা করেছে তা বলতে পারেননি তিনি।
 
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মুক্তারুল আলম বলেন, কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস