নিখোঁজের ৪দিন শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:২৭
সোনারগাঁওয়ের উলুকান্দি এলাকায় নিখোঁজের ৪দিন পর আনিছা আক্তার নামের এক শিশুর লাশ মিললো পানির ট্যাংকে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
আনিছা উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা পানির ট্যাংকে ফেলে যায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
পুলিশ জানায়, উপজেলার দাউদেরগাঁও গ্রামের প্রবাসী আনিছুর রহমানের মেয়ে আনিছা আক্তার সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় তার চাচা আলমগীর হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
 
নিখোঁজের ৪দিন পর শুক্রবার সকালে উলুকান্দি গ্রামের আব্দুল মালেক মিয়ার নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের পানির ট্যাংক থেকে দুর্গন্ধ আসতে থাকলে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেয়। ট্যাংক থেকে আনিছার লাশ উদ্ধার করে পুলিশ।
 
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি