আদমদীঘির সান্তাহারে তারে জড়িয়ে কৃষি শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে মালশন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নীলফামারী সদর উপজেলার বিষমুড়ি গ্রামের ছকিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামসহ (৪৩) বেশ কয়েকজন ধানকাটা কাজ করতে আসেন। শুক্রবার তারা ছোট মালশন গ্রামের আজাদ হোসেন মোল্লা নামের কৃষকের ধান কাটার চুক্তি নেয়।
ধান কাটা শুরু করলে ওই স্থানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে তিনি জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গেলে মুমিনুর নামের আরেকজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌর কাউন্সিলর জার্জিস আলম রতন জানান, একরাম হোসেন তার ইরি-বোরো সেচ স্কিমের সেচকাজ শেষ হবার পর সেচযন্ত্র খুলে ফেললেও সংযোগ বিচ্ছিন্ন করেনি। ঝড়ে ওই সংযোগের তার ছিঁড়ে মাঠে পড়ে থাকলেও দেখার কেউ ছিল না। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/আরকেজি
